২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ লোকদের দলে ভেড়াবেন না: ওবায়দুল কাদের

দল ভারি করতে খারাপ লোকদের ভেড়ানোর ব্যাপারে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 08:00 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

রোববার দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দল ভারি করার জন্য নেতারা খারাপ লোকদের দলে ভেড়াবেন না। খারাপ লোক এনে দল ভারি করবেন এই আওয়ামী লীগ আমরা চাই না।”

নেতাকর্মীদের কলহ কোন্দল ঝেড়ে ফেলার নির্দেশ দিয়ে তিনি বলেন, “কলহ সহ্য করা হবে না। যারা কলহ করবেন, কোন্দল করবেন, ঘরের মধ্যে আরেক ঘর বানাবেন, মশারীর মধ্যে আরেক মশারী বানাবেন তাদের আওয়ামী লীগ করার কোনো প্রয়োজন নেই।”

ত্যাগী কর্মীরা হারিয়ে গেলে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ত্যাগী কর্মীদের মূল্যায়ণ করতে হবে। আওয়ামী লীগে নেতা যত বাড়ছে, কর্মী ততই কমছে।

কর্মী বাড়ানোর নির্দেশ দিয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, “নেতা উৎপাদনের কারখানা দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা চাই। কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।”

সার্চ কমিটি গঠনের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সার্চ কমিটি গঠন নিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করেছেন। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ফুরফুরা মেজাজে দেখা গেছে। বিএনপি নেতা মওদুদ আহমেদ বলছেন তিনি আশাবাদী।

“একই দলে দুই নেতার ভিন্ন কথা। বিএনপির নেতাদের মধ্যেই ঐকমত্য নেই। কিন্তু আওয়ামী লীগ সবসময় আশাবাদী এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এ বি এম মোজাম্মেল হকের সঞ্চালনায় যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী খালেকুজ্জামান, রমেশ চন্দ্র সেন প্রমুখ।   

এ ছাড়াও সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান সফিসহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।