উখিয়ায় আগুনে পুড়ল বৌদ্ধ বিহার
কক্সবাজারের উখিয়ায় আগুনে পড়ে গেছে একটি বৌদ্ধ মন্দির।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান।
“কক্সবাজার শহর থেকে ঘটনাস্থল ৩৫ কিলোমিটার দূরে। সেখানে পৌঁছার আগেই বিহারটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।”
কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, আগুনে কেউ হতাহত না হলেও বৌদ্ধ বিহারটি পুরোপুরি পুড়ে গেছে।
বিষয়টি নাশকতা না অন্য কোনো কারণে তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি হেমেন্দ্র বড়ুয়া বলেন, মন্দিরটিতে দুইজন শ্রমন (সেবায়ত) থাকতেন। তারা বাইরে থাকার মন্দিরটি তালাবদ্ধ ছিল।
“কেউ হতাহত না হলেও বৌদ্ধ মূর্তিসহ বিপুল পরিমাণ জিনিসপত্র পুড়ে গেছে। পূজার আসনে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে হয়তো।”
