রাজশাহীতে ট্রাকের বাঁশ ঢুকে অটোরিকশা-যাত্রীর মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকে থাকা বাঁশের মাথা অটোরিকশার ভেতরে ঢুকে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার সকালে উপজেলার দেওলিয়া গ্রামে নাটোর কোল্ডস্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমিত কুমার মণ্ডল (৪৮) উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড়কয়া গ্রামের সুবলচন্দ্র মণ্ডলের ছেলে। তিনি কুমার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, শিক্ষক সুমিতসহ চার যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় করে বাগমারার ভবানীগঞ্জ যাচ্ছিলেন।
“পথে নাটোর কোল্ডস্টোরেজের সামনে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকের পেছনে ধাক্কা খায়। বাঁশের মাথাগুলো সিএনজির ভেতরে ঢুকে গেলে চালক শাহীন আলম ও শিক্ষক সুমিত কুমারের বুকের ভেতর বাঁশের মাথা ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান শিক্ষক সুমিত।”
স্থানীয়রা আহতদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।
শাহীন রাজশাহীর ভদ্রা এলাকার বাসিন্দা।
আহত অন্যরা হলেন - শুভডাঙ্গা ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের শামসুল ইসলাম (৪০), রিনা বেগম (৩৫) ও ইব্রাহীম হোসেন (৩৫)।
পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।
