২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠের টিনশেড ধসে আহত ৩৫

টঙ্গীতে ইজতেমা মাঠে টিনের তৈরি ঘর ধসে অন্তত ৩৫ জন আহত হয়েছেন, যারা ইজতেমা পরবর্তী নানা ব্যবস্থাপনা কাজে নিয়োজিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 09:00 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শুক্রবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান।

আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গিয়াস উদ্দিন বলেন, “ইজতেমা মাঠের শামিয়ানা খোলা, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সরানো ও মাঠ পরিষ্কারের জন্য প্রতিবারই অর্ধশতাধিক সাথী ইজতেমার পরেও বেশ কয়েকদিন টিনশেডে অবস্থান করেন।

“শুক্রবার জুম্মার নামাজের পর ইজতেমার সাথীরা ওই ঘরে অবস্থান করছিলেন। এ সময় দমকা বাতাসে ঘরের চাল ভেঙে পড়ে ৩০ থেকে ৩৫ জন আহত হন।”

তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলেন জানান তিনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, বাতাসে ঘরের বাঁশের খুঁটিগুলোর কয়েকটি ভেঙে যায়। এতে চালের টিন ও লোহার পাইপ পড়ে তারা আহত হয়েছেন।

এদের মধ্য থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।