গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় আগুনে গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন জিনিসের সাতটি দোকান পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি গাড়ির যন্ত্রাংশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যন্ত্রাংশের দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছড়িয়ে পড়ে আশপাশের ছয়টি দোকানে।
“জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই দোকানে থাকা রি-সোলিং টায়ার, চাকায় হাওয়া দেওয়ার মেশিন ও মুদিসহ সাতটি দোকান ও মালপত্র পুড়ে যায়।”
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
