২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় শ্রমিকনেতা নিহত, অভিযোগ হত্যার

কক্সবাজার শহরে মিনি-ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন; যার সংগঠনের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 04:37 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে কলাতলী এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার এএসআই কুতুব উদ্দিন জানান।

নিহত খোরশেদ আলম (৪০) কক্সবাজার জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক-মিনিট্রাক ও পিকআপ চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

সদর উপজেলার খরুলিয়ার দরগাহ এলাকার মকরম আলীর ছেলে তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন খোরশেদ।

“পথে পেছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন খোরশেদ। পরে ওই ট্রাকতাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়ে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসবি শর্মা বলেন, “খোরশেদের মাথা থেঁতলে গেছে।মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।”

এদিকে খোরশেদের মোটরসাইকেল দুর্ঘটনা ‘পরিকল্পিত’বলে দাবি করে জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বলেন, “এটা কোনো দুর্ঘটনা নয়। সচরাচর সড়ক দুর্ঘটনা এভাবে ঘটে না; এটা পরিকল্পিত।”

খোরশেদ শ্রমিক লীগের পাশাপশি জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কের দায়িত্বও পালন করতেন বলে জানান তিনি।

এনিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে ‘বিবাদের জেরে’ খোরশেদকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন এ শ্রমিক নেতা।

তবে কী নিয়ে বা কাদের সঙ্গে খোরশেদের বিবাদ ছিল তা বিস্তারিত জানাননি তিনি।