গাজীপুরে শিশু হত্যায় দুই যুবককে কারাদণ্ড
তিন বছর আগে স্কুলছাত্র হত্যায় এক যুবককে যাবজ্জীবন ও আরেকজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।
এরা হলেন, পটুয়াখালীর ওয়াহাব মিয়া (২৯) ও বশির উদ্দিন (২৯)।
বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এদের মধ্যে ওহাব মিয়াকে যাবজ্জীবন ও দেড় লাখ টাকা জরিমানা এবং বশিরকে সাত বছরের কারাদণ্ডসহ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ওই আদালতের বিশেষ কৌঁসুলি মো. ফজলুল কাদের জানান।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৩ সালের ২ নভেম্বর নিখোঁজ হন মুশফিক হোসেন রাতীম (৯) নামে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র। ঘটনার দুইদিন পর অজ্ঞাতরা মোবাইল ফোনে রাতীমের বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ।
“এরপর একটি বিকাশ নম্বরে রাতীমের বাবা ১০ হাজার টাকা পাঠান।এরই সূত্র ধরে ওয়াহাব ও বশিরকে আটক করে পুলিশ। তার দেওয়া রতনপুর এলাকার একটি পুকুর থেকে শিশুর লাশ লাশ উদ্ধার করা হয়।”
