শার্শার ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ
যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও আবদুস সালাম জানান, বিষয়টি জানার পর রোববার শার্শা থানায় জিডি করা হয়েছে।
ক্লোন করার অর্থ হল - কোথাও ফোন করা হলে যে নম্বরটি ক্লোন করা হয় সেটাই প্রদর্শিত হয়। মূলত ক্লোন করা নম্বর দিয়েই ফোন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউএনও বলেন, “সম্প্রতি আমার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে টিআর, কাবিখা প্রভৃতি প্রকল্পে বরাদ্দ দেওয়ার ভুয়া আশ্বাস দিয়ে অর্থ দাবি করে।
“কিন্তু তাদের কণ্ঠ শুনে চেয়ারম্যানদের সন্দেহ হয়। চেয়ারম্যানরা অন্য নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে। বিষয়টি আমি জানতে পেরে জিডি করার পাশাপাশি জেলা প্রশাসককে জানিয়েছি।”
