২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বগুড়া শহরতলিতে একটি সিএনজি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 08:34 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

রোববার বিকালে চারমাথা এলাকায় শরিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটন ঘটে বলে জানান ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম।

এরা হলেন সাবগ্রাম খামারকান্দি এলাকার আবদুস সোবহানের ছেলে মো. ইলাহী (১৮) ও তার প্রতিবেশী বুলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২০)।

আহত নিশিন্দারা মন্ডলপাড়ার আবু জাফরের ছেলে শাকিলকে (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএসআই শাহ আলম বলেন, তিনজনে ফিলিং স্টেশনে রংয়ের কাজ করছিলেন। রোববার বিকালে চাকাওয়ালা মইয়ের উপর উঠে রং করার সময় পিছলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের উপর পড়ে যান তারা।

“এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রং মিস্ত্রি ইলাহী ও আশরাফুল মারা যান। আর গুরুতর আহত হন শাকিল।”