সাত খুনের রায় ঘিরে নারায়ণগঞ্জের নিরাপত্তা জোরদার
আলোচিত সাত খুনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ার নিরাপত্তার দায়িত্বে পাঁচ শতাধিক পুলিশ নিয়োজিত থাকবে বলে রোববার বিকালে জেলা পুলিশ সুপার মঈনুল হক জানিয়েছেন।
তিন বছর আগে নারায়ণগঞ্জে র্যাবের হাতে এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজন খুনের মামলার রায় হতে যাচ্ছে সোমবার।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতের সাত খুনের দুই মামলার রায় হবে।
“এ জন্য আদালত প্রাঙ্গন থেকে শুরু করে আসামিদের যাতায়াতের রাস্তা এবং নিহতদের স্বজনদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”
তাছাড়া পুরো জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার।
রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
