২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাখো মানুষের পদভারে মুখর তুরাগ তীর

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ মানুষের পদচারণায় মুখরিত। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এ জমায়েত আরও বাড়ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 10:38 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এ দিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্বপাশের বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হবে।

শনিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।

ছয় বিদেশি অসুস্থ

টঙ্গীর বিশ্ব ইজতেমায় ছয় বিদেশি অসুস্থ হয়ে পড়েছেন।

টঙ্গী সরকারি হাসপাতালে আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও এক মুসল্লির মৃত্যু

ইজতেমা মাঠে শনিবার ভোর ৫টা ৫৩ মিনিটে আরও তারা মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের জগতশাহ গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে।

এ নিয়ে গত দুই দিনে ইজতেমায় সাত জনের মৃত্যু হয়েছে।

আখেরি মোনাজাতে বাড়তি নিরাপত্তা

রোববারের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

শনিবার গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, “আখেরি মোনাজাত উপলক্ষে আমরা বাড়তি নিরাপত্ত ব্যবস্থা নেয়া হয়েছে। মোনাজাতের দিন অন্য দিনের চেয়ে দ্বিগুন ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হবে।”

রোববার টঙ্গী ব্রীজ থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী স্টেশন রোড থেকে মীরেরবাজার পর্যন্ত এবং কামারপাড়া সড়কে কোন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানান তিনি।