২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর খবরে বাড়ির পথে দুর্ঘটনায় ছেলে ও নাতির মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে ঢাকার সাভারে অটোরিকশা দুর্ঘটনায় ছেলে ও ছেলের শিশুকন্যার মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ছেলের স্ত্রী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 04:07 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

আশুলিয়ার এসআই রুহুল আমিন জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - মোহাম্মদ আজাদ (৩৩) ও তার মেয়ে মরিয়ম (৩)। আহত হয়েছেন আজাদের স্ত্রী আরজু বেগম (২৮)।

তারা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা। সাভারের ডেণ্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এসআই রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে আজাদ স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নবীনগর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

“পথে নিরিবিলি এলাকায় অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে একটি মাটি বহনকারী ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে শিশু মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।”

আহত আজাদ ও আরজুকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজাদ মারা যান বলে জানান এসআই রুহুল।

পুলিশ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন এসআই রুহুল।