গোবিন্দগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত
বগুড়া ও গাইবান্ধার সীমান্তে গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি আবুল বাশার জানিয়েছেন।
নিহতরা হলেন বগুড়ার সান্তাহারের সান্দিরা গ্রামের আবুল কালাম সামসুদ্দিনের ছেলে তামিম (২২) ও তার বন্ধু গাইবান্ধার গোবিন্দগঞ্জের বকচর কালিতলা গ্রামের শাহীন মন্ডলের ছেলে জিহাদ হোসেন মন্ডল (২৩)।
তারা দুজনই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নতকের (সম্মান) ছাত্র।
ওসি বাশার জানান, তামিম ও জিহাদ বিকালে মোটরসাইকেলে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জের ধর্মপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে বগুড়াগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলে জিহাদ হোসেন মন্ডল মারা যান। গুরুতর আহত তামিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তারও মৃত্যু হয়।”
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ্ আলম বলেন, “শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় তামিম। তার লাশ মর্গে রাখা হয়েছে। শুনেছি ঘটনাস্থলে আরেকজন মারা গেছেন।”
