সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান।
আটকরা হলেন উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মোজাম্মেল হক, কঞ্চিবাড়ি গ্রামের শিবিরকর্মী এরশাদ আলী, পাঁচগাছী শান্তিরাম গ্রামের জামায়াতকর্মী আমীর হামজা, দক্ষিণ মরুয়াদহ গ্রামের জামায়াতকর্মী গোলাম মোস্তফা ও রামধন গ্রামের শিবিরকর্মী জহুরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি আতিয়ার বলেন, সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
“সংসদ সদস্য লিটন হত্যার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো তথ্য পাওয়া যায়নি।”
