ইজতেমায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মো. ফজলুল হক নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার টঙ্গী আসেন তিনি।
ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ফজলুল তার নির্ধারিত খিত্তার (থাকার জায়গা) বাইরে পানি আনতে যান। পানি নিয়ে খিত্তায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি।
পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান গিয়াস।
তিনি জানান, দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে ফজলুল হকের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম দফা শুরু হবে শুক্রবার থেকে। এ দফায় যোগ দিতে ১৭ জেলার মানুষ টঙ্গীর ইজতেমাস্থলে যাচ্ছেন।
