সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আটক ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে মাদকবিরোধী বক্তব্য দেওয়ার পর এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয়েছে; এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শাহজাদপুর পৌরশহরের চালতাতলা মহল্লার মুক্তিযোদ্ধা আবুল বাশারের অভিযোগ, বুধবার শাহজাদপুর উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানিতে মাদকবিরোধী বক্তব্য দেওয়ার কারণে সন্ধ্যায় মাদক বিক্রেতারা তার বাড়িতে হামলা চালায়।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, বুধবার সন্ধ্যার এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন - উপজেলা সদরের দারিয়াপুরের জাহাঙ্গীর আলমের ছেলে বাবু হোসেন (২০), একই এলাকার আব্দুর রউফ শেখের ছেলে সবুজ শেখ (২৫), ইসলামপুর রামবাড়ি এলাকার রজব শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও শেরখালি এলাকার আব্দুস সালামের ছেলে আল মামুন (২৪)।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদী হয়ে রাতেই থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
“মামলায় মাদক বিক্রেতা মানিকসহ আটজনকে আসামি করা হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটক করার পর পুলিশ রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
