কুষ্টিয়ায় ঘুষের টাকাসহ ভূমি জরিপকারী গ্রেপ্তার
কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় অভিযান চালিয়ে সদর উপজেলা ভূমি জরিপকারী মাহফুজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুম থেকে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয় বলে জানান দুদক কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম।
তিনি বলেন, গোপন খবরে দুদক কুষ্টিয়া অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে একটি দল শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালায়। এসময় ওই দোকানের ভেতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।
“দুদকের দল ঘুষের ওই টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।”
এ ঘটনায় মামলার পর তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
