বড়পুকুরিয়ায় শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিনে ভূ-গর্ভের ৬ শ্রমিক অসুস্থ
চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের অবস্থান ধর্মঘটের তৃতীয় দিনে ছয় শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার ভূ-গর্ভে অবস্থান ধর্মঘটে থাকা এ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের ফুলবাড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানান বড়পুকুরিয়া কয়লা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান।
অবস্থান ধর্মঘটকারী এক হাজার ৫০ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ২৯০ জন রোববার সকালে কর্মস্থলে যোগদানের পর থেকে ভূ-গর্ভেই রয়েছেন। শ্রমিকদের ধর্মঘটে কয়লা উত্তালনও বন্ধ রয়েছে।
আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত ভূ-গর্ভে থাকা শ্রমিকরা উপরে উঠে আসবে না বলে জানিয়েছেন।
ভূ-গর্ভে থাকা দুই শ্রমিকের বাবা জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে মোতালেব ও তহমিন রোববার ভূ-গর্ভে কাজে যোগদানের পর আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
একই অবস্থার সেকেন্দোর আলীর। তিনিও ছেলের জন্য অপেক্ষা করছেন খনি গেইটে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম এন আওরঙ্গজেবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
