গাজীপুরে কয়েল কারখানায় আগুন
গাজীপুরের টঙ্গীতে মশার কয়েল তৈরির কারখানায় আগুনে যন্ত্রপাতিসহ মালপত্র পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ ফায়ারওয়্যার পরিদর্শক মো. মোরশিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে জয় কেমিক্যাল নামের কারখানাটিতে আগুন লাগে।
পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাজ শুরুর পর কয়েল গরম করার যন্ত্র বেশি গরম হয়ে আগুনের সূত্রপাত হয়।
“খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
প্রাথমিক হিসাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় এক কোটি টাকার মালপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক মোরশিদুল।
