সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত এনামুল হক (৩০) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়েনর নারায়ণদিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।
একইসঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা; না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সিরাজুল হক সরকার জানান।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১১ সালের ১৮ মে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কল্পনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে এনামুল। এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
