গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৫ মামলার এক আসামির মৃত্যু হয়েছে; আটক হয়েছেন তার সহযোগী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, রোববার রাত আড়াইটায় নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুনবাগানে এ ঘটনা ঘটে।
নিহত বুদু মনির (৩০) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনশেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ ওই ইনস্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালি।
ওসি আমির সাংবাদিকদের বলেন, “মনির ও তার চার-পাঁচ সহযোগী সেগুনবাগান এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।
“পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসী মনিরসহ দুই পুলিশ আহত হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আহত দুই পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি আমির।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন (২৮) নামে নিহত মনিরের এক সহযোগীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চার রাউন্ড গুলি, একটি পিস্তল ও দুটি চাপাতি।
“মনিরের বিরুদ্ধে নাশকতা, হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।”
