ট্রাকচাপায় তানোরের শিক্ষা কর্মকর্তার মৃত্যু
রাজশাহীর তানোরে ট্রাকের চাপায় সহকারী শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন; আহত হয়েছেন এক শিক্ষক।
রোববার বিকাল ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড়ে রহমান হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম।
নিহত মাকসুদা একরাম (৩৭) তানোর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
আহত আক্কাস আলী উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি সালাম জানান, স্থানীয় একটি বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন একরাম। এ সময় দেবিপুর মোড়ে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একরামের মৃত্যু হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
