সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর আবার রেলযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বন্ধ হওয়ার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আবার চালু হয়।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার শামসুল আলম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উল্লাপাড়া স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
“ঘটনার পর থেকে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনটি লাইনে তোলার পর আবার চালু হয়।”
পশ্চিমাঞ্চল ট্রেনের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সাড়ে ১০টার মধ্যে ইঞ্জিনটি লাইনে তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
