২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 11:58 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান সদর থানার এসআই মানস বড়ুয়া।

আটক জিয়াউর রহমান (৩৫) কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী এলাকার মীর আহমদের ছেলে।

এসআই মানস বলেন, বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভো এয়ারের শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটের ঢাকাগামী ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

“এক যাত্রীর ব্রিফকেসের ভিতর সন্দেহজনক বস্তু থাকার সংকেতের কারণে পুলিশকে অবহিত করা হয়।”

মানস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেসটি খুলে একটি পলিথিন মোড়া প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটটি থেকে পাওয়া যায় দুই হাজার ১৩০টি ইয়াবা ট্যাবলেট।

আটক বিমানযাত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মানস।