গাজীপুরের মান্নান জামিনে মুক্ত
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র বিএনপি নেতা এমএ মান্নান উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজপত্র হাতে পেয়ে শুক্রবার বেলা ১২টা ৫৫ মিনিটে মান্নানকে মুক্তি দেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান ২২ মামলায় তের মাস কারাগারে থাকার পর গতবছর মার্চে মুক্তি পেলেও পরের মাসে বাসে আগুন দেওয়ার এক মামলায় আবার গ্রেপ্তার হন। ২০১৬ সালের ১৬ এপ্রিল থেকে কাশিমপুরেই ছিলেন তিনি।
তার মুক্তির খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকালে কাশিমপুর কারাগারের ফটকে জড়ো হন। মান্নান বেরিয়ে এলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।”
উচ্চ আদালতে ওই আদেশ স্থগিত হলে পদ ফিরে পান মান্নান। কিন্তু গতবছর এপ্রিলে আরেক মামলার অভিযোগপত্রে তার নাম আসে এবং আবারও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মান্নানের আইনজীবী শহীদুজ্জামান রহমান জানান, এই বিএনপি নেতার বিরুদ্ধে সব মিলিয়ে ২৮টি মামলা হয়েছে। সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে অসছেন।
