২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ একজনের মৃত্যু

গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 05:50 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

আনুমানিক (৩৫) বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বুধবার রাতে গাজীপুরের মজলিশপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আহতরা হলেন-সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯) ও ঢাকার মুগদা-মান্ডা এলকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)।

র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মোহাম্মদ মহিউল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকার আইয়ুব উল্লাহর খামার থেকে তিনটি গরু ডাকাতি করে ট্রাকে তুলে হোতাপাড়া দিয়ে পালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে দক্ষিণ সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দেয় র‌্যাব। সংকেত অমান্য করে তারা পালিয়ে যেতে থাকলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে।

“এসময় তারা চান্দনা-চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যাওয়ার এক পর্যায়ে পথ পরিবর্তন করে মজলিশপুর এলাকায় যেতে থাকে এবং র‌্যাবকে লক্ষ করে গুলি করে।র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে মজলিশপুর স্কুল গেইটের কাছে ট্রাক ফেলে ডাকাতরা পালিয়ে যেতে থাকে।”

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলিল ও রফিকুল ইসলামকে এবং সকালে আশপাশ এলাকায় তল্লাশি করে এলাকাবাসীর সহায়তায় আরও দুইজনকে আটক করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

আটক একজনের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ঘটনাস্থল থেকে দুটি ছোরা ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।