২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 03:39 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাগমারা থানার ওসি সেলিম হোসেন।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ওরফে শহিদুল (৩৫) উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ২০০৫ সালে শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলার আসামি তিনি।

তাছাড়া  শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় শহিদুল ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে বাগমারায় জেএমবির আত্মপ্রকাশ ও তাণ্ডব শুরু হলে শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবিতে যোগ দেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ওসি সেলিম বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে  আত্মগোপনে ছিল। কিছুদিন আগে এলাকায় ফিরে এসে আবার জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শহিদুল। পরে ধাওয়া করে শ্রীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”