২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজার সদর উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 12:09 AM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানিয়েছেন।

আটকরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিম পাড়ার জাকির আলমের ছেলে মো. ছৈয়দুল বাশার (২২) ও নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (২১)।

আশেকুর বলেন, কক্সবাজার শহরমুখী একটি অটোরিকশায় করে ইয়াবার একটি চালান আসার খবরে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল কক্সবাজার পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে গাড়ি ফেলে রেখে দুই জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে।

“র‌্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে ছৈয়দুল বাশার ও আব্দুর রহিমের দেহ তল্লাশি করে দুই হাজার ৪৬০টি ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য প্রায় নয় লাখ ৮৪ হাজার টাকা।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান আশেকুর।