গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাড়িতে ডাকাতি করতে এসে এক ব্যবসায়ীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
উত্তর হিজলতলী গ্রামের নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঠিকাদারীসহ নুর মোহাম্মদের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে পুলিশ জানায়।
সোমবার সকালে নূর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে কালিয়াকৈর থানার ওসি মো.আব্দুল মোতালেব মিয়া জানান। তবে তার ভাষ্য, এটা ডাকাতি নয়; দস্যুতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নুর মোহাম্মদ বলেন, রাতে ১০/১৫ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
“পরে তারা বাড়ির সবাইকে একটি ঘরে আটকে রেখে চারটি মোবাইল, নয় লাখ ২০ হাজার টাকা ও সাড়ে নয় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
“এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা আমার পিঠে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।”
পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানান তিনি।
