কক্সবাজারে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রোববার ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় গফুরের প্রজেক্ট নামে একটি মৎস্য ঘেরে পাচারকারীরা ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে এমন খবরে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়।
“বিজিবির উপস্থিতি টের পেয়ে ‘পাচারকারীরা’ মাছের ঘেরের পাশে একটি ছোট বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা খুলে পলিথিন মোড়ানো কয়েকটি প্যাকেট থেকে দুই লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক সাড়ে ছয় কোটি টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
