বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথম দিনেই সিলেটে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা।
রোববার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
সিলেট বিভাগের চার জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ২ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৮০০টি নতুন বই বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, সিলেট বিভাগের চার জেলার মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ কোটি ৩৯ লাখ নতুন বই। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক তাহমিনা খানম বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত নতুন বইয়ের সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৮০০টি।
এর মধ্যে সিলেট জেলায় ২৯ লাখ ২১ হাজার ১৬৭টি, সুনামগঞ্জে ২৩ লাখ ৬ হাজার ৯১৮টি, হবিগঞ্জে ২০ লাখ ৪৬ হাজার ৪৫৮টি এবং মৌলভীবাজারে ১৫ লাখ ৯৯ হাজার ২৩০টি নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি সিলেট নগরীর বিভিন্ন স্কুল ঘুরে দেখেন, প্রথম শ্রেণি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতেই নতুন বই। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে স্কুলের মাঠে। অনেকেই আবার বই উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে।
নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নাফিসা। পরিচিত অপরিচিত যাকেই সামনে পাচ্ছে তাকেই নতুন পাওয়া বইগুলো দেখাচ্ছে এই শিশু।
ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফসান বলে, “ক্লাস শুরু হওয়ার আগেই নতুন বই পেয়ে গেছি। তাই ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারব।”
টানা অষ্টমবারের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে সরকার। সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বই বিতরণ হচ্ছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
