বাকি আত্মঘাতী জঙ্গিরাও ধরা পড়বে: আইজিপি
আত্মঘাতী জঙ্গিরা অভিযানে নিহত হয়েছে কিংবা ধরা পড়েছে, এরপর বাকিরাও ধরা পড়বে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।
শুক্রবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা সুইসাইডাল স্কোয়াড ছিল, যারা ভায়োল্যান্ট এক্সট্রিমিস্ট তাদের গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা অপারেশনে নিহত হয়েছে। এরপরও যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
“গোপনে আমাদের কাজ চলছে, সবাই মিলে কাজ করছি আমরা। আমি আশা করি তারাও ধরা পড়বে এবং এই দেশে জঙ্গিবাদের মূল উৎপাটন না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গত শনিবার ঢাকার দক্ষিণখানের আশকোনায় একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেন। পরে এক নারী জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। আইনশৃঙ্খরা বাহিনীর অভিযান শেষে ওই বাড়িতে এক কিশোরের লাশ পাওয়া যায়।
নতুন করে যাতে কেউ এই জঙ্গি তৎপরতায় জড়িত হতে না পারে সেজন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি সচেতন হওয়ারও পরামর্শ দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
এর আগে শহিদুল হক ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধন করেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম প্রমুখ।
পুলিশ সুপার জানান, অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার এবং ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সিসিটিভি কন্ট্রোল রুম করা হয়েছে।
