সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে ২ আলু ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলায় আলু বোঝাই ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কড্ডার মোড় এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা তিন ব্যবসায়ী বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
