২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: যশোরে বেড়েছে জিপিএ-৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জেলা প্রেসক্লাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।  

প্রকাশিত ফলাফলে এ বছর ২ লাখ ১৩ হাজার ৩৪০জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ তিন হাজার ৪২৮জন উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩ জন শিক্ষার্থী।

পাস করেছে ৯৫ দশমিক ৩৫ শতাংশ; যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ কম। আর জিপিএ-৫ গত বছরের তুলনায় এবার ৫ হাজার ১৭২ জন শিক্ষার্থী বেশি পেয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারির কারণে ফলাফল ভাল হয়েছে উল্লেখ করে মাধব চন্দ্র বলেন, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের মতামত গ্রহণ ও প্রশ্ন ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

“শিক্ষার্থীরা বইমুখী হওয়ার কারণে সব স্তরে পরীক্ষার ফলাফল ভাল হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে।”

এছাড়া এবার বোর্ডের ৯৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই।