২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কারখানার ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:49 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংক লিমিটেড কারখানার ছাদ ধসে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান জানান।

নিহতরা হলেন চাঁদপুরের জাহাঙ্গীর আলম (৫০), জালাল মিয়া (৪৫) ও শহিদুল ইসলাম (৫৫)।

এরা সবাই নির্মাণ শ্রমিক।

পুলিশ কর্মকর্তা শামীম হাসান বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, “দুপুরে ওই কারখানার দোতলা ভবনের এক তলার বর্ধিত অংশের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। কাজ শেষে অন্য শ্রমিকেরা চলে গেলেও ওই তিন জন নিচ তলায় অবস্থান করছিলেন। 

“এ সময় ছাদ ধসে পড়লে তার চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে গেছে।কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছিল তাও জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা

নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ধংসস্তুপ থেকে আর কাউকে পাওয়া যায়নি।

ভবন তৈরিতে নিম্নমানের রড-সিমেন্ট ও বাঁশ-খুঁটি ব্যবহারের কারণে ছাদ ধসে পড়ে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।