মুন্সীগঞ্জে ভোট চাওয়া নিয়ে বিতণ্ডা, আটক ১
জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে মুন্সীগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এক প্রার্থী একজন ইউপি চেয়ারম্যানের কাছে ভোট চাওয়ায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রানু আক্তার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার রাতে চেয়ারম্যান দ্বীন ইসলাম শেখের কাছে ভোট চাইতে যান।
প্রচারণার সময় শেষ হওয়ার পর কেন ভোট চাইছেন- চেয়ারম্যান এই প্রশ্ন করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে টঙ্গীবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার ও টঙ্গীবাড়ি থানার ওসি ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় আড়িয়াল বাজার থেকে রামু চন্দ্র দাস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান।
তিনি রাত সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন শান্ত। এই ঘটনায় যারা দায়ী আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, বুধবার সকালে ভোট সামনে রেখে সোমবার রাত ১২টার পর থেকে প্রচারণা বন্ধ রয়েছে। রানু আক্তারের সেখানে ভোট চাইতে যাওয়া ঠিক হয়নি।
