২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমার নৌবাহিনীর’ গুলি ছুড়ে লুটপাট, ৬ বাংলাদেশি আহত

বঙ্গোপসাগরে ‘মিয়ানমারের নৌবাহিনী’ গুলি ছুড়ে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় আহত হয়েছেন কক্সবাজারের ছয় জেলে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 09:00 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার মো. সাইফুল আবছার জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনী গুলি ছুড়ে লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন - কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ওসমান গনি (২৩), মোহাম্মদ শফির ছেলে রফিকুল ইসলাম (৩০), আলী আহমদের ছেলে নুর আহমেদ (৬০), আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২৪) ও মহেশখালীর সাইফুল ইসলাম (৩৫)।

এছাড়া মোহাম্মদ আলম নামে একজন আহত হয়েছেন। আহত ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা সাইফুল বলেন, কক্সবাজার শহরের আমান উল্লাহর ট্রলার নিয়ে ১৪ জেলে গত শুক্রবার সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার সকালে তারা টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের পূর্ব পাশে বাংলাদেশের জলসীমায় জাল ফেলেন।

তিনি গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে বলেন, “দুপুরের দিকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশি জেলেদের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে তারা ট্রলার লক্ষ করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের হাত, পা, বুক ও মাথার নিচে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।”

ট্রলারের অন্য জেলেরা আহতদের নিয়ে বিকালে সেন্টমার্টিন দ্বীপের ঘাটে পৌঁছালে স্থানীয়রা তাদের উদ্ধার করে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা সাইফুল।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোহাম্মদ আলম বলেন, “মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের ট্রলার লক্ষ করে গুলিবর্ষণ করে।

“তারা ট্রলার থেকে তিন লক্ষাধিক টাকার মাছ ও জালসহ অন্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে তারা এ ঘটনা জলদস্যুরা ঘটিয়েছে বলে প্রচার করার জন্য ধমকি দিয়েছে।”

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ পাঁচজনসহ ছয় জেলেকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।