২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির পর ধর্মঘটে রামেকের শিক্ষানবিশ চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনের সঙ্গে হাতাহাতির ঘটনায় একজন আহত হওয়ার পর ধর্মঘট শুরু করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 03:52 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

সোমবার রাত ১০টা থেকে শিক্ষানবিশ চিকিৎসকরা এ কর্মবিরতি শুরু করে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিম।

তাছাড়া মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় তারা।

সিরাজুল করিম বলেন, ওয়ার্ডে ভিড় করা নিয়ে সোমবার সন্ধ্যায় ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক আবু নাঈমের কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। রোগীর স্বজনরা নাঈমের চোখেমুখে কিলঘুষি মারলে সে আহত হয়।

“এ ঘটনার পর আল্ট্রাসনোগ্রাম করার কথা বলে স্বজনরা রোগীকে হাসপাতাল থেকে বের করে নিয়ে গেছে।”

তবে ওই ঘটনায় মামলা করে রোগীর নাম-ঠিকানা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ রোগীর স্বামী জিমিকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

উপ পরিচালক বলেন, এ ঘটনার পর রাত ৮টার দিকে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। দুপুরে তাদের আবার ডাকা হলেও তারা আসেনি।

সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সিরাজুল করিম।

এ ব্যাপারে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও শিক্ষানবিশ চিকিৎসকদের কারও বক্তব্য পাওয়া যায়নি।