সিরাজগঞ্জে দুই বাসের ধাক্কা, নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আরেক বাসের ধাক্কায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের গুড়কাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল গণি জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সার্জেট গণি বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১টার একটি লোকাল বাস গুড়কাবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা একটি বাস দাঁড়িয়ে বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়, আহত হন ১৬ জন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
