২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

বগুড়ার সোনাতলায় রাসায়নিক ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 08:14 PM

Updated : 11 Oct 2022, 09:29 PM

রোববার ভোরে উপজেলার সিহিপুর মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান ।

এরা হলেন- পাবনার বেড়া উপজেলার নাকাইল্ল্যা গ্রামের সুরজিত ঘোষ (২০), তটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান (২০) ও বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্ল্যা ঘোষপাড়ার সজীব ঘোষ (২২)।

এদের মধ্যে সুরজিত কারখানা মালিক সঞ্জিব ঘোষের ছোটভাই, অন্য দুজন কারখানার কর্মচারী। 

রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এসপি আসাদুজ্জামান বলেন, সঞ্জিব মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি ভাড়া নিয়ে নকল দুধ তৈরির কারখানা গড়ে তুলেন।

“সেখান থেকে ১০ কেজি পারঅক্সাইড, বিভিন্ন ধরনের পাউডার, সয়াবিন তেল, পাঁচটি ব্লেন্ডার মেশিন, বিভিন্ন সাইজের কন্টেইনার, জারকিন, গ্লুকোজ পাউডার ও মিল্ক পাউডার জব্দ করা হয়েছে।

এসব সরঞ্জাম ব্যবহার করে ওই কারখানায় তৈরি নকল দুধ বিভিন্ন হোটেল, চায়ের দোকান এবং বাসা-বাড়িতে সরবরাহ করা হতো বলে জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে পুলিশ।

এছাড়া অভিযানের সময় প্রায় ১০০ কেজি নকল দুধ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম।