আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: হা-মীম গ্রুপের ৯১ শ্রমিক বরখাস্ত
শ্রমিক অসন্তোষ ঘিরে বরখাস্ত, মামলা ও গ্রেপ্তারের মধ্যে আশুলিয়ায় আরও একটি কারখানার ৯১ শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিস ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, প্রিন্টিং এমব্রয়ডারি অ্যাপারেলস লিমিটেড, রিফাত গার্মেন্ট লিমিটেড ও এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কারখানার বরখাস্ত শ্রমিকদের রঙিন ছবিসহ নোটিস মূল ফটকের দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হা-মীম, ফাউন্টেন ও উইন্ডির ৩৪৭ জন শ্রমিককে বরখাস্ত করা হলো।
বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ এর ২৩(৪) ধারা মোতাবেক তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ফটকে টানানো নোটিসে লিখে দেওয়া হয়েছে।
বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে গত ১৯ ডিসেম্বর আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এরপর কয়েকজন মন্ত্রী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলন অব্যাহত থাকে এবং মঙ্গলবার ৫৫ কারখানায় কাজ বন্ধ থাকে।
তাছাড়া শিল্পাঞ্চলে অসন্তোষ নিয়ে এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। এরমধ্যে পাঁচটি কারখানা কর্তৃপক্ষ ও দুটি মামলার বাদী পুলিশ।
