২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নিহতের খবর

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

শনিবার দুপুরে পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. বজলুর রহমান বাছির জানিয়েছেন।

তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবের চরের বুদু মিয়ার ছেলে অটোচালক নুর মোহাম্মদ (৪২) এবং ইসমাইল হোসেনের ছেলে দিনমজুর হাসমত আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

কাউন্সিলর বজলুর রহমান জানান, বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে পূবাইল কলেজ গেইট ও মীরের বাজার রেল গেইটের মধ্যবর্তী বসুগাঁও এলাকায় রেলপথ ধরে দুই শ্রমিক হেঁটে যাওয়ার সময় সামনে থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আসতে দেখেন।

“এ সময় তারা ওই রেলপথ ছেড়ে পাশের রেলপথে ওঠেন। ওই সময় পেছন থেকে ওই রেলপথে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনে কাটা পড়েন তারা।”

পরে স্বজনরা তাদের লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন বলে জানান বজলুর।

নরসিংদী রেলফাঁড়ির এটিএসআই মো. মাহবুব আলম বলেন, “আমরা ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি আহত হওয়ার খবর শুনেছি, তবে তারা মারা গেছে কিনা তা নিশ্চিত হতে পারিনি।”