গাজীপুরে ১৯ শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি
গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার মনিপুর এলাকায় অন্তত ১৯ নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হওয়ায় একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ-২-এর পরিচালক এসপি মো. শোয়েব আহমেদ জানান, শনিবার সকালে ওই এলাকার ইউটা নিটিং অ্যান্ড ডায়িং নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য ছুটি ঘোষণা করে।
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯ থেকে ২০ নারী শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ হয়ে ফিরে গেছেন।
“প্রাথমিক লক্ষণে মনে হয়েছে তারা ‘মাস সাইকোজেনিকস ইলনেসে’ ভুগছেন।”
কারখানাটির সুয়িং অপারেটর রেশমা আক্তার বলেন, সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দেন। একটু পরে এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন।
“পেটব্যাথার পাশাপাশি বমি হয়। কারও কারও মুখ দিয়ে লালা পড়তে শুরু করে। এ সময় অন্য শ্রমিকরা তাদের হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।”
বৃহস্পতিবারও একইভাবে নয় শ্রমিক অসুস্থ হন বলে জানান কারখানার অপর শ্রমিক বিউটি আক্তার।
