২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘বিড়ির’ আগুনে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, নিজের বিড়ি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় নিজ ঘর থেকে শুক্রবার সকালে ঘর থেকে ফাতেমা বেগমের (৯০) লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম ওই এলাকার মৃত ছাবুদ আলী মোল্লার স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে ফাতেমা বেগম তার মাটির ঘরে চৌকির উপর ঘুমিয়ে পড়েন। তিনি একাই ছিলেন ঘরে।

ওসি বলেন, শুক্রবার সকালে তার নাতবৌ ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে পোড়া কাঁথার নীচে ফাতেমার দগ্ধ লাশ দেখতে পান।  আগুনে কাঠের চৌকিও পুড়ে গেছে।

ওসি বলেন, ফাতেমা বেগম প্রচুর ধূমপান করতেন। ধারণা করা হচ্ছে, বিড়ির আগুন থেকে আগুন লেগে দগ্ধ হয়ে তিনি মারা গেছেন। ঘরের মেঝেতে বিড়ির পোড়া অংশ পড়ে থাকতেও দেখা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের পর শুক্রবার দুপুরে দাফন করা হয়েছে, বলেন ওসি।