২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশঙ্কার কিছু নেই: ডিআইজি নুরুজ্জামান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বুধবার বিকালে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

নগরীর চাষাড়া ও নিতাইগঞ্জ মোড়ে তারা লিফলেট বিতরণকালে আরও ছিলেন নির্বাচনে রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

ডিআইজি বলেন, মানুষ যাতে নিরপেক্ষভাবে, নিঃসংকোচে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় এবং এই নির্বাচন যাতে একটা মডেল নির্বাচন হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার জন্য এই উদ্যোগ।

“এই নির্বাচনটি বাংলাদেশে একটি মডেল নির্বাচন হোক সেটা আমরা চাই। কেউ যাতে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করতে না পারে এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, সকলের কাছে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সেজন্যই আমাদের এই প্রক্রিয়া।”

অন্য অনেক জায়গার চাইতে নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, “কোনো রকম আশঙ্কার কিছু নেই। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে আমাদের বললে আমরা পরিবর্তন করব।”

একদিন আগে নগরীর মাসদাইর পুলিশ লাইন এলাকায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং শেষে পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।