২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতের হামলায় আহত ৩, আটক তিন

ফরিদপুরের সালথা উপজেলায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন; এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 03:46 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

সালথা থানার ওসি বেলায়েত হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া এলাকার মিরাজুল ইসলাম সরদারের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করে।

আহতরা হলেন - মিরাজুল ইসলাম (৪০), তার স্ত্রী রেনু বেগম ও চাচা সোহরব সরদার। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাতে ওসি বেলায়েত বলেন, ডাকাতরা হানা দিলে বাড়ির লোকজন তাদের আটকের চেষ্টা করে। এ সময় ডাকাতরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

“তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে রাসেল (৩০) নামে একজনকে আটক করে। পরে পুলিশ রাসেলকে নিয়ে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে।”

আটকৃতরা হলেন সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকার রিয়াজ শেখের ছেলে রাসেল শেখ, সিদ্দিক শেখের ছেলে মানদার শেখ ও রায়েরচর গ্রামের লায়েক মোল্লা।

আহত মিরাজুল ইসলাম জানান, “ডাকাতরা মালপত্র নিতে পারেনি। তবে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমরা তিনজন আহত হয়েছি।”

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মালার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বেলায়েত।