২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশের চেষ্টা: ৪ নৌকা, ৫২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

মিয়ানমারে সেনা অভিযানের মুখে কক্সবাজারের সীমান্ত দিয়ে এদেশে  অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী চারটি নৌকাসহ অন্তত ৫২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

মঙ্গলবার ভোরে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার ঘটে। এরপর থেকে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল বলেন,   টেকনাফের নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে চারটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে।

“এ সময় বিজিবির টহল দলের অভিযানের মুখে রোহিঙ্গাবাহী নৌকাটি আবার মিয়ানমারে ফেরত যায়।”

প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে ৪০ জনের বেশি রোহিঙ্গা ছিল বলে  রাসেল জানান।

বিজিবির এ কর্মকর্তা জানান, গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ১০৭ টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া উখিয়ার বালুখালী ও আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, ভোরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ১২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু ছিল।

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ১২০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে ইমরান বলেন।

প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তাপরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত‌্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা।