মাছ চাষে ঝুঁকছেন শরীয়তপুরের কৃষক
জমিতে ফসল আবাদের পরিবর্তে পুকুর কেটে মাছ চাষে বেশি আগ্রহী হচ্ছেন শরীয়তপুরের অনেক কৃষক।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে বড় বড় পুকুর খনন করতে দেখা যাচ্ছে। মৎস্য বিভাগ এতে সহযোগিতা করলেও কৃষি বিভাগ খাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, ধান উৎপাদন থেকে মাছ চাষে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক ধান বাদ দিয়ে মাছ চাষে এগিয়ে আসছেন। আগে যে জমিতে ধান চাষ হত এখন তারা সেখানে পুকুর খনন করে মাছ চাষ করছেন।
ধান চাষ করে যে লাভ হয় মাছ চাষে তার থেকে চার গুণ পর্যন্ত বেশি লাভ হয় বলে জানান মৎস্য কর্মকর্তা সালাম।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন মনে করেন, নির্দিষ্ট আইন না থাকায় অধিক পরিমাণে মাছ চাষ করে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে।
এভাবে আবাদি জমি কমতে থাকলে জেলায় খাদ্য উৎপাদন কমে যাবে এবং খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি মনে করেন।
তবে কৃষকরা দেখছেন নগদ লাভের দিকটা।
শরীয়তপুর সদর উপজেলার চাদসার গ্রামের মৎস্য চাষী আবদুর রাজ্জাক সরদার বলেন, “আমি চার বছর আগে কৃষিকাজ করতাম। ধান চাষে কৃষিশ্রমিক পাওয়া যায় না।
বর্তমানে তিনি ১০ একর জমির পুকুরে মাছ চাষ করে বছরে খরচ বাদে পাঁচ লাখ টাকা লাভ পাচ্ছেন বলে জানান।
নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের মাণ্ডা গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের বাসিন্দা চপল মোল্লা ও হালিম মোল্লাসহ ১১ জন মিলে ১১০ বিঘা জমি নিয়ে একটি বিশাল দিঘি খনন করে সেখানে মাছের খামার করছেন। এ জমিতে গত মৌসুমেও বোরো ধানের আবাদ হয়েছিল।
গত ছয়-সাত বছর ধরে ধানসহ বিভিন্ন ফসল চাষ করে তারা তেমন লাভ পাননি বলে জানান।
নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের আলী হোসেনও একই কথা বলেন। কিন্তু বর্তমানে দুই একর জমিতে মাছ চাষে প্রতিবছর দুই লাখ টাকা আয় হচ্ছে বলে তিনি জানান।
“ধানের চেয়ে মাছ চাষে লাভ বেশি। তাই সমবায়ের ভিত্তিতে আমরা ১০-১২ জনে মিলে আরও ২০ একর জমিতে মাছ চাষের চিন্তা করছি।”
তিনি বলেন, “কয়েক বছর ধরে প্রায় লাখ টাকা করে লোসখান হচ্ছিল। বর্তমানে ওই জমিতে মাছের ঘের করে ভাল লাভ পাচ্ছি।”
তিনি আরও জমিতে মাছ চাষের চিন্তা করছেন বলে জানান।
জেলার ছয়টি উপজেলার সব কটিতে ফসলি জমিতে বড় বড় পুকুর খনন করা হচ্ছে। এ চিত্র সবচেয়ে বেশি দেখা গেছে শরীয়তপুরের পূর্বাঞ্চল বিঝারী, কাপাশ পাড়া, কান্দিগাও, কানারগাঁও, শিরঙ্গল, বাজনপাড়া, ধামারন, কার্তিকপুর, সিঙ্গাচুড়া, দাতরা, নওগাঁ থেকে শুরু করে নড়িয়া উপজেলার ভোজেশ্বর, আচুড়া, আটিপাড়া, দুলুখণ্ড, আনাখণ্ডসহ সর্বত্র।
এছাড়া ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে জমি কেটে মাছের প্রকল্প তৈরি করা হচ্ছে। বেশির ভাগ প্রকল্প চালাচ্ছে স্থানীয় যুবকেরা। তারা সমবায় পদ্ধতিতে মাছ চাষে বেশি উদ্বুদ্ধ হচ্ছে।
জেলার কৃষিজমির পরিমাণ সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন জানান, গত ১০ বছরে শরীয়তপুরে মাছ চাষের কারণে প্রায় ৫ হাজার হেক্টর ফসলি জমি কমে গেছে। ২০০৫ সালে এ জেলায় ফসলি জমির পরিমাণ ছিল ৯৫ হাজার হেক্টর। ২০১২ সালে তা কমে দাঁড়ায় ৯৩ হাজার হেক্টরে। ২০১৫ সালে আরও তিন হাজার হেক্টর কমে দাঁড়িয়েছে ৯০ হাজার হেক্টরে।
