২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ

বগুড়ার ধুনটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরর ৭৩টি প্রকল্পের কাজ শেষ হলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্তে উঠে এসেছে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 11:45 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গত এপ্রিলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বগুড়া জেলা প্রশাসককে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে দুটি প্রকল্পের কথা বলা হয়। একটিতে ৫০টি প্রকল্প অন্যটিতে ২৩টি প্রকল্প। দুটি প্রকল্পে মোট বরাদ্দ ৪২ লাখ ৬০ হাজার টাকা।

৭৩ প্রকল্পের মধ্যে রয়েছে চিথুলিয়া কেন্দ্রীয় কবরস্থান সংস্কার, চিথুলিয়া বড়বাড়ী ওয়াক্ত মসজিদ সংস্কার, চিথুলিয়া বটতলা ওয়াক্ত মসজিদ সংস্কার, তারাকান্দি ইদগাহ মাঠের গেট নির্মাণ, তারাকান্দি কবরস্থান মাটিভরাট, গেট নির্মাণ প্রভৃতি।

এসব প্রকল্পের বিষয়ে ইউএনও মো. ইব্রাহিম খোঁজ নিয়ে তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিয়েছেন।

ইউএনও ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি লোক দিয়ে তদন্ত করে উপজেলায় ৮৪টি প্রকল্পের খোঁজ নিয়েছি। এরমধ্যে ওই ৭৩ প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাকিগুলোর আংশিক কাজ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছি।”

প্রকল্পগুলোর কাজ আগের ইউএনও হাফিজুর রহমান এবং বর্তমান প্রকল্প পরিচালক রিয়াজুল ইসলাম সম্পন্ন করেছেন বলে ইউএনও জানান।

ধুনট উপজেলার প্রকল্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান নিয়ে এসেছিলেন আমজাদ হোসেন নামের একজন। এ ব্যাপারে কোনো অনিয়ম হয়েছে বলে আমার জানা নেই।”

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে ৭৩টি প্রকল্প কীভাবে, কার মাধ্যমে, কোথা থেকে এল তার তদন্ত হওয়া দরকার। তাদের খুঁজে বের করতে হবে।