২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

সড়ক দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মমিন আকন্দ (৬৮) নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পীরগঞ্জ-খালাসপীর সড়কে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমিন আকন্দের মৃত্যু হয় বলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার পত্নীছড়া এলাকায় ঘোড়দৌড় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথে খালাসপীর পেট্রোলপাম্পের কাছে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।”

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরপরই মুক্তিযোদ্ধা মমিনের মৃত্যু হয়। বুকে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।